ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বাংলাদেশে কোনো চীনা নাগরিক এবং চীনে কোনো বাংলাদেশি নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হননি। এক্ষেত্রে গুজব ছড়ানো থেকে সবাইকে বিরত থাকা উচিত। সাধারণ মানুষকে সতর্ক হতে দিন, তবে আতঙ্ক সৃষ্টি করবেন না। গতকাল বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় মিশনের উপপ্রধান হৌলং ইয়ান উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীনা দূতাবাসের কেউ এবং বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে কাজ করা কোনো চীনা নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হননি। একই সময়ে চীনে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিকও করোনা ভাইরাসে সংক্রমিত হননি। এ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো কিছু দেশ ‘বেশি প্রতিক্রিয়া’ দেখাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কর্মরত চীনা নাগরিকদের পরিস্থিতি উন্নতি হওয়ার আগ পর্যন্ত চীন ভ্রমণ না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে অবস্থিত চীনা কোম্পানিগুলো চীন থেকে নতুন করে কর্মী আনবে না। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এবং এই পরিস্থিতি দীর্ঘায়িত হবে না। চীন সরকার এই সংকট কাটিয়ে উঠতে সম্পূর্ণভাবে সক্ষম হবে। তিনি জানান, চীনের কাছে নিজ দেশ ও বিশ্বের জনস্বাস্থ্য নিরাপত্তা সবার আগে।
