মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা মত্স্য কর্মকর্তা নজরুল ইসলামকে প্রাণনাশের হুমকির অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এছাড়া বিচার চেয়ে মত্স্য কর্মকর্তা জেলা প্রশাসকসহ মত্স্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় চেয়ারম্যান সাইদুর রহমান তার লোকজন দিয়ে প্রশাসনিক কাজে নজরুল ইসলামকে চাপ দিয়ে আসছেন। গত মঙ্গলবার উপজেলা চেয়ারম্যানের নির্দেশে তার ক্যাডার বাহিনীর সদস্য পিন্টু, আমির হামজা, মো. আজম ও মো. শুভসহ সাত-আট জন মত্স্য কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন। তারা তাকে জোর করে উপজেলা চেয়ারম্যানের কাছে নিয়ে যান। এ সময় উপজেলা পরিসংখ্যান বিভাগে গণনাকারী (সুপারভাইজার) নিয়োগকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর পর তাকে বদলিসহ প্রাণনাশের হুমকি দেন। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, তাকে লাঞ্ছিত বা হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তিনি আরো বলেন, মত্স্য কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। এ নিয়ে প্রতিবাদ করলে তিনি এই মিথ্যা অভিযোগ করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন বলেন, মত্স্য কর্মকর্তাকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
