রাশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান ক্রেমলিন প্যালেসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার পরিচয়পত্র গ্রহণ পর্ব শেষে রাশিয়ার প্রেসিডেন্ট টেলিভিশনে সরাসরি সম্প্র্রচারিত তার নীতিনির্ধারণী বক্তৃতায় আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সঙ্গে রাশিয়ার সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্কের গভীরতায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প তৈরিতে যুক্ত থাকতে পেরে তিনি আনন্দিত। একইদিন যুক্তরাষ্ট্র, চীন ও যুক্তরাজ্যসহ আরো ২২টি দেশের রাষ্ট্রদূত পর্যায়ক্রমে রুশ প্রেসিডেন্টের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেন।
কামরুল আহসান এর আগে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (দ্বিপাক্ষিক ও কনস্যুলার) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিঙ্গাপুর ও কানাডাতেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
