যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৭৫ বিলিয়ন ডলারের ১ হাজার ৭১৭ পন্যের শুল্ক অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা জানিয়েছে চীন। চীনা কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার একথা জানিয়েছেন। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের কিছু পণ্যের শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ এবং বাকিগুলোর শুল্ক পাঁচ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশ করা হবে। এ সিদ্ধান্ত কার্যকর হবে ১৪ ফেব্রুয়ারি থেকে। চীনের এই পদক্ষেপের মধ্য দিয়ে ওয়াশিংটন-বেইজিং দীর্ঘদিন ধরে চলা বানিজ্য যুদ্ধে কিছুটা শীতলতার ছোয়া পেল।
দেশ দুটি বহুদিন ধরে বাণিজ্যযুদ্ধের মধ্য দিয়ে গেছে। একে অপরের আমদানি ও রপ্তানি পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্কারোপের মধ্য দিয়ে চলেছে এ বাণিজ্যযুদ্ধ। কিন্তু প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে চীনের অর্থনীতিতে শ্লথগতি আসার প্রেক্ষাপটে দেশটি এই পদক্ষেপ নিল। গত মাসে দুই দেশ প্রথম ধাপের একটি বাণিজ্যচুক্তিতে পৌঁছার পর বাণিজ্যযুদ্ধে শান্তির আবহ সৃষ্টি হয়। এ চুক্তিতে সাড়া দিয়েই চীন মার্কিন পণ্যে শুল্ক কমানোর ওই ঘোষণা দিল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনে মৃত্যু বাড়ার পাশাপাশি অর্থনীতিও সংকটে পড়েছে। দেশজুড়ে কলকারখানাগুলো বন্ধ রয়েছে এবং উত্পাদন উত্পাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চীন মার্কিন পণ্যে শুল্ক কমানোর যে ঘোষণা দিয়েছে তাতে যুক্তরাষ্ট্র থেকে আসা ৭ হাজার ৫শ’ কোটি ডলারের পণ্য কম শুল্কে চীনে যাবে। যদিও এখনো ৩ হাজার ৫শ’ কোটি ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর এখনো রয়ে গেছে বাড়তি শুল্ক। -বিবিসি
