পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙ্গা কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। রবিবার সকালে উপজেলার মাটিভাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে গুরুতর আহত যুবলীগ নেতা রিয়াজুল কবির (৩২) ও আওয়ামী লীগ কর্মী শরিফুল ইসলাম (৪০) নামে দুজনকে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঐ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হূদয় বলেন, গত শনিবার সকালে কলেজ হোস্টেলে থাকা এইচএসসি পরীক্ষার্থী হামিমকে মারধর করে কলেজ কমিটির সভাপতি মো. রনি শেখ ও সহসভাপতি রবিউল শরিফ। রবিবার সকালে আমরা কলেজে গেলে গেটে সভাপতির নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮/৯ জন আমাদের ওপর হামলা করে। হামলায় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম ফারাভী, রিজভী শরিফুল, শাফিক হোসেন, তানভীর হোসেন ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি অমিত হাসান আহত হন।
এদিকে সভাপতি মো. রনি শেখ এ অভিযোগ অস্বীকার করে জানান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হূদয় ঐ দিন সকাল ১০টার দিকে কলেজ ছাত্রলীগ নেতা শরিফুল ইসলামকে মারধর করে। এ ঘটনার জের ধরে শরিফুলের লোকজন তাদের মারধর করেছে। মাটিভাঙ্গা বাজারের ছাত্রলীগের অফিস ভাঙচুর করে। ঐ অফিসে থাকা টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। এ সময় তাদের বাধা দিতে যাওয়ায় স্থানীয় যুবলীগ নেতা রিয়াজুল কবিরসহ অফিস ভাঙচুরের ছবি তুলতে থাকা শরিফুল ইসলামকে মারাত্মকভাবে কুপিয়ে আহত করা হয়।
