করোনা ভাইরাস ভীতি, অতিথিদের সঙ্গে ‘লাইভ ভিডিও’তে বিয়ে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৩

আরিফুর রহমান

বিয়ে করা নিয়ে অনেক পরিকল্পনা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না। বিভিন্ন কারণে বিয়ের আগ মুহূর্তে পরিবর্তন হয়ে যায় অনেক কিছুই। তাই বলে হঠাত্ করে অতিথিদের লাইভ স্ট্রিমিংয়ে রেখে বিয়ের কথা হয়ত কেউই পরিকল্পনা করবেন না। কিন্তু হঠাত্ করেই তেমন এক পরিকল্পনা করতে বাধ্য হলেন সিঙ্গাপুরের ইউ-ক্যাঙ জুটি।

বিবিসি জানায়, বিয়ের মাত্র একদিন আগে চীন থেকে দেশে ফেরেন এই জুটি। আর সে কারণেই তাদের বিয়েতে উপস্থিত হতে ভয় পাচ্ছিলেন অনেকে অতিথি। তাদের সেই ভয় কাটাতে ভিন্ন স্থানে থেকে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে অতিথিদের সঙ্গে সংযুক্ত হয়ে বিয়ের কাজ সম্পন্ন করে এই জুটি।

বিয়েতে উপস্থিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে বর-কনের কাছে পৌঁছে যায়।

গত বছরের অক্টোবর মাসেই চীনে মূল বিয়ের কার্যক্রম শেষ করেন জোসেফ ইউ এবং তার স্ত্রী ক্যাঙ টিঙ। এরপর চলতি বছরের ২৪ তারিখে চীনের হুনানে নববর্ষ উদ্যাপনের জন্য সফরে যায় এই জুটি। করোনা ভাইরাসের উত্পত্তিস্থল এই হুবাইয়ের নিকটবর্তী প্রদেশ থেকে সফর শেষে ৩০ জানুয়ারি সিঙ্গাপুরে ফেরেন ইউ ও ক্যাঙ। কিন্তু ২ তারিখে তাদের বিয়ের আরেক অনুষ্ঠানের আয়োজন করা হয় সিঙ্গাপুরে অবস্থিত আত্মীয়দের জন্য যারা চীনে উপস্থিত হতে পারেননি অক্টোবরে।

করোনা ভাইরাস ভীতি, অতিথিদের সঙ্গে ‘লাইভ ভিডিও’তে বিয়ে

ইউ জানান, চীনের হুনানের প্রত্যন্ত এক গ্রামে গিয়েছিলাম আমরা। সেখানে করোনা ভাইরাস নিয়ে কোনো উদ্বেগ নেই।

কিন্তু তাদের চীন থেকে ফেরত আসার পর অনেক আত্মীয় উদ্বেগ জানায় এবং অনুষ্ঠানে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করে। আর সে কারণেই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা ভাবছিলেন ইউ ও ক্যাঙ। কিন্তু তাদের সেই প্রস্তাবে রাজি হয়নি হোটেল কর্তৃপক্ষ। আর সে কারণেই বাধ্য হয়ে লাইভ স্ট্রিমিংয়ে বিয়ের কার্যক্রম শেষ করতে হয়।

এমন বিয়ে নিয়ে খুব একটা কষ্ট না থাকলেও কিছুটা হতাশ হয়েছেন ইউ ও ক্যাঙ।

প্রাণঘাতী করোনা ভাইরাসে চীনের মূলভূখণ্ডেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬৩ জন। বুধবার নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৬৯৪ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ২৮,০১৮ জন। সিঙ্গাপুরে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৮ জন। চীনের পর আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। তার পরের অবস্থান জাপানের।             সূত্র :বিবিসি