বিনোদন রিপোর্ট
চলচ্চিত্রে কমই দেখা যায় অভিনেত্রী অপর্ণা ঘোষকে। কিন্তু যে ক’টি চলচ্চিত্রে অভিনয় করেছেন সেগুলোতে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। মেঘমল্লার, মৃত্তিকা মায়া, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিংবা ভুবন মাঝি চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে এরইমধ্যে নিজের সক্ষমতার কথা জানান দিয়েছেন। এবার ‘গণ্ডি’ পরীক্ষায়ও পাস করেছেন! ফাখরুল আরেফীন খান পরিচালিত এ সিনেমায় সব্যসাচী চক্রবর্তী-সুবর্ণা মুস্তাফার পাশপাশি তিনিও অভিনয়ে চমক দেখিয়েছেন।
গণ্ডি সিনেমা প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, ‘পুরো সিনেমার গল্প বন্ধুত্বকে ঘিরে। এ সিনেমায় আমি যে চরিত্রটি করেছি, তার বিন্যাস একেবারেই ভিন্নধর্মী। আমার চরিত্রে বন্ধুত্ব নিয়ে একটা লজিক আছে। বিপরীতে আরেকটি লজিকও সমানতালে এগিয়েছে। মোট কথা, যারা সিনেমাটি দেখেছেন তারা বন্ধুত্বের বৃহত্তর এক অর্থ খুঁজে পেয়েছেন। এরইমধ্যে যারা দেখেছেন তারা ইতিবাচক মন্তব্য করেছেন।’
সব্যসাচীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘ছোটবেলা থেকেই তার অভিনয় দেখে আসছি। ধারণা ছিল, তিনি একটু গুরুগম্ভীর স্বভাবের। কাজ করতে গিয়ে দেখি পুরোটাই উল্টো। প্রথম পরিচয়েই অনেক সহজভাবে আপন করে নিয়েছিলেন। আমিও সাহস পেলাম।’
এ সিনেমায় অপর্ণার সহশিল্পী মাজনুন মিজান। ছবিতে মিজান-অপর্ণার একটা মেয়ে আছে। মিজানের বাবা সব্যসাচীর সঙ্গে সুবর্ণার সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মতবিরোধ।
এ সপ্তাহের ছবি হিসেবে শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে ‘গণ্ডি’। ঢাকায় ৫টি ও সারাদেশের ৭টি হলে দেখা যাচ্ছে সিনেমাটি। হলগুলো হচ্ছে স্টার সিনেপ্লেক্স (ঢাকা), ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), বলাকা সিনেমা হল (ঢাকা), শ্যামলী সিনেমা হল (ঢাকা), মধুমিতা সিনেমা হল (ঢাকা), সিলভার স্ক্রিন সিনেপ্লেক্স (চট্টগ্রাম), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), নন্দিতা সিনেমা হল (সিলেট), স্টার সিনেপ্লেক্স কক্সবাজার (কক্সবাজার), স্টার সিনেপ্লেক্স নারায়ণগঞ্জ (নারায়ণগঞ্জ), সোনিয়া সিনেমা হল (বগুড়া) ও বনলতা সিনেমা হল (ফরিদপুর)।
ছোটবেলা থেকেই তার অভিনয় দেখে আসছি। ধারণা ছিল, তিনি একটু গুরুগম্ভীর স্বভাবের। কাজ করতে গিয়ে দেখি পুরোটাই উল্টো। প্রথম পরিচয়েই অনেক সহজভাবে আপন করে নিয়েছিলেন। আমিও সাহস পেলাম। —অপর্ণা ঘোষ
