স্টাফ রিপোর্টার রংপুর
লালমনিরহাটের আদিতমারী খারুভাজ গ্রাম থেকে হারিয়ে যাওয়ার দীর্ঘদিন পর সিদ্দিক হোসেন(৭৫) ফিরলেন আপন ঘরে। স্বামীকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা স্ত্রী রশিদা ও তার কন্যা শিরিনা। গত বৃহস্পতিবার বিকালে রংপুরের হারাগাছ থানা পুলিশ প্রেস ব্রিফিং করে উদ্ধার হওয়া বৃদ্ধ সিদ্দিককে তার পরিবারের কাছে তুলে দেয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ক্রাইম) কাজি মোস্তাকি ইবনু মিনান বলেন, আদিতমারী খারুভাজ গ্রামের বৃদ্ধ সিদ্দিক হোসেন প্রায় ১০ বছর আগে বাড়ি থেকে বের হয়ে হারিয়ে যান। কয়েক দিন আগে হারাগাছের বাহারকাছনা এলাকা থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে চিকিত্সা করান ঐ এলাকার জাহেদুল। পরে তিনি এ ব্যাপারে হারাগাছ থানায় সাধারণ ডায়েরি করেন। থানার ওসি রেজাউল করীম বৃদ্ধের স্বজনদের সন্ধানে দেশের বিভিন্ন থানায় মেসেজ পাঠান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের জানান। পরে বৃদ্ধের আপন ঘরের সন্ধান পেয়ে তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
