মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২১

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়ায় গতকাল শুক্রবার ঐতিহ্যবাহী ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে দুই দিনব্যাপী ৩০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শুরুর দিন সকালে কলেজ মাঠে গার্লস গাইডের দলনেতা একাদশ শ্রেণির শিক্ষার্থী নেয়ামা আক্তারসহ অন্য সদস্য ও উপস্থিত সবার সমস্বরে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টি জেপির উপজেলা আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মনিরুল হক মনি জোমাদ্দার। ক্রীড়া পতাকা উত্তোলন করেন কলেজ অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সদস্য, জাতীয় পার্টি জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফর, কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. হেমায়েতউদ্দিন রুস্তুম মিয়া, মো. ইউসুফ আলী আকন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা জাহানারা বারেক প্রমুখ।

প্রধান অতিথির উদ্বোধনী বক্তব্যের পর কলেজ শিক্ষার্থী অস্মিতা সাহার উদ্যোগে শপথবাক্য পাঠ, মশাল প্রজ্বলন ও মার্চপাস্ট শেষে দিনব্যাপী ১৬টি ইভেন্টে ২৫০ জন প্রতিযোগীর ক্রীড়া শুরু হয়। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক প্রভাষক মো. খালিলুর রহমান, আতিকুর রহমান, মুরাদ হোসেন, কমলেশ মিস্ত্রি এবং শরীরচর্চাবিষয়ক শিক্ষক কাজল রানি বল।

এদিকে অনুষ্ঠান শুরুর পরে তা কিছুক্ষণের জন্য উপভোগ করেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজসহ তার সফরসঙ্গীরা। অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক প্রভাষক বিশ্বাস সাইদুর রহমান জানান, আজ শনিবার সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৩টি ইভেন্টে অংশ নেবে ১৭৫ জন প্রতিযোগী।