বাঘা (রাজশাহী) সংবাদদাতা
বাঘার পদ্মার চরাঞ্চলে এবার ব্যাপক হারে বাদামের চাষ করা হয়েছে। চরাঞ্চলের মাটিতে পলি পড়ায় বিগত যে কোনো সময়ের চেয়ে বাদাম চাষ এ বছর বেড়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকরা বলছেন, শেষ পর্যন্ত যদি আবহাওয়া অনুকূলে থাকে তাহলে এবার দ্বিগুণ ফলন হবে।
সরেজমিনে পদ্মার চরাঞ্চলের পলাশি ফতেপুর, করারি নওশারা, কালিদাদ খালি, চকরাজাপুর, দাদপুর ও টিকটিকিপাড়া এলাকায় দেখা গেছে, এ বছর অনেক কৃষক বাদাম চাষ করেছেন। এদের মধ্যে অনেকেই জমি বর্গা নিয়ে বাদাম চাষ করেছেন। তারা আশা করছেন, শেষ পর্যন্ত যদি আবহাওয়া অনুকূল থাকে তাহলে এবার লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি বাদাম উত্পাদন হবে।
চরাঞ্চলের চকরাজাপুর এলাকার কৃষক গোলাম মোস্তফা, শিক্ষক মজিবর রহমান, শফিকুল ইসলাম এবং কালিদাসখালি গ্রামের হাফিজুল ইসলাম, জালাল উদ্দীন, জহুরুল মালিথা ও আকছেন শিকদার জানান, বিগত যে কোনো বছরের তুলনায় এবার পদ্মার চরে বাদাম চাষ বেশি হয়েছে। এর কারণ হিসেবে তারা জানান, গত বছর বাদামের মূল্য ভালো পাওয়ায় এবার তারাসহ অধিকাংশ কৃষক বাদাম চাষে আগ্রহী হয়েছেন। চরাঞ্চল এলাকার ইউপি সদস্য ফজলুর রহমান জানান, তিনি চলতি মৌসুমে আট বিঘা জমিতে বাদাম চাষ করেছেন। উপজেলা কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে উপযুক্ত পরিচর্যা করায় বাদাম খেতে পোকার আক্রমণ কম হয়েছে। এবার অন্যান্য বছরের চেয়ে ভালো ফলন পাওয়ারও আশা করছেন তিনি। অনুরূপ কথা বলেন বাদাম চাষি আকছেন শিকদার ও রতন গাজি।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লা সুলতান জানান, বাদাম পরিচর্যায় খরচ ও সময় দুটোই কম লাগে। তার মতে, গত বছর বাদাম চাষ করে কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ায় এবার সবাই আগাম বাদাম চাষ করেছেন। একই সঙ্গে ফলন ভালো হওয়ায় চিনা জাতের বাদামের পাশাপাশি অনেকে ত্রি-দানা জাতের বাদামে আবাদ করেছেন।
