নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা পৌর এলাকার আনন্দবাজার সাতপাই বাইপাস সড়কে আনন্দবাজার মোড়ের পথচারী সেতুটি প্রশস্ত করার দাবি উঠেছে। পাকা সেতুটি প্রশস্ত না করায় ছোটো ছোটো যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি পথচারীদেরও চলাচলে সমস্যা হচ্ছে। আনন্দবাজার সাতপাই এলাকার বাসিন্দা আলপনা বেগম, শিমুল মিলকী এবং ভজন দাস বলেন, সেতুটির পর দিয়ে রিকশা বা অটো উঠলে মোটরসাইকেল চলাচল করতে পারে না, এমনকি হেঁটে যেতেও সমস্যা হয়। ঐ সমস্ত যানবাহন সেতু থেকে নেমে গেলে তাদের চলতে হয়। অবিলম্বে আনন্দবাজার সেতুটি প্রশস্ত করে নতুন করে নির্মাণের দাবি জানান তারা।
পৌর কাউন্সিলর মো. ফজলুল হক বলেন, সেতুটি প্রশস্ত করার জন্য পৌরসভা থেকে প্রকল্প গ্রহণ করা হয়েছে। অর্থ বরাদ্দ হলেই কাজ ধরা হবে। এই ব্যাপারে নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, আনন্দবাজার সেতুটি প্রশস্ত করা হবে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে নেত্রকোনা পৌর এলাকার বেশ কয়েকটি বড়ো বড়ো সড়ক নির্মাণের কাজ চলছে, এগুলো শেষ হলে সেতুর কাজ ধরা হবে।
