কালিয়া (নড়াইল) সংবাদদাতা
খুলনা বিভাগে প্রথম নারী ওসি হিসেবে যোগদান করেছেন রোকসানা খাতুন। তিনি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানায় যোগদান করেছেন। সদ্যবিদায়ী ওসি মো. আলমগীর কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নড়াগাতি থানায় সদ্য যোগদানকারী ওসি রোকসানা খাতুন প্রত্যয় ব্যক্ত করেন-‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’।
ওসি রোকসানা খাতুন বলেন, মুজিববর্ষের অঙ্গীকার নিয়ে তিনি কাজ করে যেতে চান। মাদক নির্মূল, সন্ত্রাস দমন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ নারী ও শিশু নির্যাতন বন্ধে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এর আগে বুধবার রাতে তিনি নড়াগাতি থানায় যোগ দেন। খুলনা বিভাগে এই প্রথম কোনো নারী পুলিশ কর্মকর্তা যিনি ওসি হিসেবে যোগদান করলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াগাতি থানার নবাগত ওসি রোকসানা খাতুন ২০০৩ সালে উপপরিদর্শক পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৫ সালে তিনি পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পান। ২০১৬ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর হয়ে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিতে কঙ্গোতে যান। সেখানে এক বছর দায়িত্ব পালন শেষে ২০১৭ সালে দেশে ফিরে আসেন। এরপর তিনি যশোর সদর আদালতের পুলিশ পরিদর্শক হিসেবে দুই বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করার পর নড়াগাতি থানার ওসির দায়িত্বভার গ্রহণ করেছেন।
