বাবার লাশ বাসায় রেখে এসএসসি পরীক্ষা দিল নাদিয়া

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৪

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় বাবার লাশ বাসায় রেখে বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা দিয়েছে নাদিয়া সুলতানা। কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামে ভোরে নাদিয়ার বাবা আব্দুল কাদির মারা যান। পরে সহপাঠী ও মামা আব্দুল মতিনের সহযোগিতায় নাদিয়া কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে বাড়িতে গিয়ে বাবাকে শেষবারের মতো দেখে চোখের জলে চিরবিদায় জানায়। পরে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  রংছাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, নাদিয়া সুলতানা তাদের বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। নাদিয়ার বাবা পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। তিনি মেয়ে নাদিয়াকে নিয়ে প্রায়ই বিদ্যালয়ে আসতেন।