ভ্রাম্যমাণ প্রতিনিধি
নিরাপত্তা ও অপরাধ দমনে ঝিনাইদহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উচ্চ প্রযুক্তির আইপি ক্যামেরা বসানো হচ্ছে। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পুলিশ সুপার মো.হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান, সাবেক এমপি নুরজাহান বেগম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন, এম হাকিম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, শহরের পোস্ট অফিস মোড়, পায়রা চত্বর, আরাপপুর, হামদহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০০টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে। ক্যামেরাগুলো পুলিশ সুপারের কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হবে। উল্লেখ্য, ২০১৮ সালে শহরের বিভিন্ন মার্কেট ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছিল।
