ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে শুক্রবার নানা আয়োজনে পালিত হয়েছে বাংলা ইশারা ভাসা দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
পিরোজপুর : পিরোজপুরে দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মোস্তানজির। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা জাকির হোসেন হাওলাদার, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, আফতাব উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক ঈশ্বর চন্দ্র দাস, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের থেরাপি সহকারী নির্ঝর ঢালী প্রমুখ। আলোচনা সভা শেষে রত্না আক্তার নামের এক শারীরিক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার দেওয়া হয়।
রংপুর: রংপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলা প্রশাসন, রংপুর ও সমাজসেবা অধিদপ্তর রংপুরের আয়োজনে ‘ইশারা ভাষার প্রমিত ব্যবহার বাক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুরের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তাপস কুমার বর্মার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মে. মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সুইড বাংলাদেশ রংপুরের নির্বাহী সচিব সুশান্ত ভৌমিক এবং মুক ও বধির সংঘ রংপুরের সভাপতি শরফুল করিম শরফু।
শরীয়তপুর : জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজস্ট্রেট আবেদা আফসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মো. কামাল হোসেন প্রমুখ।
গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অফিস আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। জেলা সমাজসেবা অফিসের ডিডি সমীর মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় সাংবাদিক মনোজ সাহা, সমাজেসেবা কর্মকর্তা মো. সাজেদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
