বাগমারায় অবৈধ পুকুর খননের অপরাধে যুবকের কারাদণ্ড

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৬

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

বাগমারায় অবৈধভাবে পুকুর খননের দায়ে মজনু খান নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মজনু খান উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামের সেফাতুল্লাহর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে অবৈধভাবে পুকুর খননের খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে প্রথম শ্রেণির অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মজনু খানকে আটক করে পুলিশ। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শরিফ আহম্মেদ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে মজনু খানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।