আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান রোনালদো

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৯

স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বাস করেন তার পক্ষে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি হাতে নেওয়া সম্ভব। আর সেটা ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের হয়ে।

দিন তিনেক আগেই ৩৫ বছর বয়সে পা রেখেছেন এই পর্তুগিজ সুপারস্টার। তিনি ক্যানাল ১১-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, ‘জুভেন্তাসের হয়ে খেলার ফলে আমার কাছে আবারও এটা (চ্যাম্পিয়ন্স লিগ) জয়ের সুযোগ এসেছে। আমরা সবাই জানি যে, এটা খুবই কঠিন। এটা জিততে হলে অনেক কিছুর মুখোমুখিই হতে হবে আমাদের। অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। তবে এটা খুবই সম্ভব। কারণ আমাদের দারুণ একটা দল আছে। আমাদের সবসময়ই দলটাকে নিয়ে ভবিষ্যতের দিকে তাকানো উচিত।’

সিআর সেভেনের শৈশবটা কখনোই সহজ ছিল না। তাই এই মাপের ফুটবলার হবেন, সেটা তার স্বপ্নেও ছিল না। তিনি বলেন, ‘৩৫ বছর বয়সে? আমি ভেবেছিলাম এই বয়সে মাদেইরাতে (পর্তুগালে রোনালদোর জন্মস্থান) মাছ ধরে জীবিকা নির্বাহ করতে হবে। তবে এটা ঠিক যে আমি সবসময়ই ফুটবলার হতে চাইতাম। তবে এতদিন আমি যা যা অর্জন করেছি, সেসব কখনো আমার কল্পনাতেও ছিল না।’

 রোনালদোর সেরা গোল কোন্টা?—সমর্থকদের মতো রোনালদোর জন্যও এটা কঠিন একটা প্রশ্ন। তবে তিনি এগিয়ে রাখছেন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জুভেন্তাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের হয়ে বাইসাইকেল কিক থেকে করা গোলটিকেই। তিনি বলেন, ‘সেরা গোল? এটা বাছাই করা সহজ কিছু নয়। এমন অনেক গোলই আছে, যা আমার জন্য করা খুব শক্ত ছিল। তবে আমি মনে করি বাইসাইকেল কিক থেকে করা গোলটাই এদের মধ্যে সবচেয়ে কঠিন।’