স্পোর্টস ডেস্ক
দুই বারের সোনাজয়ী আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা থেকে প্রথম দল হিসেবে টোকিও অলিম্পিকের ফুটবল প্রতিযোগিতায় যোগ দিল। এ অঞ্চল থেকে আরেকটি দল সুযোগ পাবে। সে আসনটির জন্য লড়ছে শিরোপাধারী ব্রাজিল, উরুগুয়ে ও কলম্বিয়া। আগামীকাল রবিবার চূড়ান্ত রাউন্ড শেষে ঠিক হবে কারা যাবে জাপানে।
টোকিও অলিম্পিকের ফুটবল টুর্নামেন্টে এ নিয়ে ১৩টি দেশ যোগ্যতা অর্জন করলো। দেশগুলো হলো: স্বাগতিক জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মিসর, আইভরি কোস্ট, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, জার্মানি, রোমানিয়া, স্পেন, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা। স্বাগতিক জাপানসহ মোট ১৬টি দেশ খেলবে এ বছরই অনুষ্ঠিতব্য অলিম্পিক আসরটিতে। অনূর্ধ্ব-২৩ দলের এ টুর্নামেন্টে আর্জেন্টিনা ২-১ গোলে কলম্বিয়াকে হারিয়ে এক খেলা হাতে রেখেই আঞ্চলিক বাছাইয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে। গোলশূন্য প্রথমার্ধের পর গোল দুটি করে আর্জেন্টিনা। ৫০তম মিনিটে আগুস্তিন উরসি দলকে এগিয়ে নেওয়ার তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নেহুয়েন পেরেস। ৬৭তম মিনিটে ব্যবধান কমায় কলম্বিয়া। কলম্বিয়ানরা এক গোল শোধ করে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চাইলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি।
জয়টির সুবাদে দুই ম্যাচ শেষে ছয় পয়েন্ট পেল। সে তুলনায় ব্রাজিলের অর্জন কেবল দুই পয়েন্ট। সর্বশেষ খেলায় ব্রাজিলীয়রা ১-১ গোলে ড্র করে উরুগুয়ের সঙ্গে। রাউন্ড রবিনভিত্তিক এ লড়াইয়ে ব্রাজিল দলের শেষ ম্যাচ আবার এই আর্জেন্টিনার বিরুদ্ধেই। খেলাটিতে জিতলে অবশ্য কারো মুখাপেক্ষী না থেকেই টানা চতুর্থবারের মতো অলিম্পিকে নাম লেখাবে ব্রাজিল দল। এদিকে এশিয়ার জন্য বরাদ্দ চারটি আসন চূড়ান্ত হয়ে গেছে। দেশগুলো হলো:স্বাগতিক হিসেবে জাপান, বাছাই পর্ব থেকে সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।
উল্লেখ্য ২০ এপ্রিল জাপানের টোকিওতে ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হবে।
