দ্বিতীয় ওয়ানডে আজ
স্পোর্টস ডেস্ক
দেওয়ালে পিঠ ঠেকে গেছে ভারতের। নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেই শেষ হয়ে যাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন। এমন এক সমীকরণকে মাথায় রেখেই আজ অকল্যান্ডের ইডেন পার্কে দ্বিতীয় ওয়ানডে খেলতে মাঠে নামবে বিরাট কোহলির দল।
ভারতের অবশ্য এমন অভিজ্ঞতা নিকট অতীতেই আরো একবার হয়েছে। গেল মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটাতে বাজেভাবে হেরেছিল বিরাট কোহলির দল। ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের দাপুটে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করেছিল ১০ উইকেটের বিশাল এক জয় দিয়ে। যদিও, শেষ অবধি বাকি দুটি ম্যাচ জিতে নিয়ে ভারত ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয়।
দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে একাদশে কোনো পরিবর্তন না আনার পক্ষেই রায় দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এর অর্থ হলো অপরীক্ষিত দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ আরেকটা সুযোগ পাবেন আজ।
তবে, পরিবর্তন আনার পক্ষে সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। তিনি মনে করেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের দুর্বলতা কাজে লাগানোর জন্য টিম ম্যানেজমেন্টের উচিত স্পিন আক্রমণে আরো বেশি জোর দেওয়া।
তিনি বলেন, ‘কেদার যাদবকে বসিয়ে অকল্যান্ডে দুই বিশেষজ্ঞ স্পিনারকে খেলানো উচিত ভারতের। মানে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও চায়নাম্যান কুলদীপ যাদবকে প্রথম একাদশে রাখা দরকার। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা পেস যতটা ভালো খেলেন, স্পিনে তারা ততটা স্বচ্ছন্দ নয়।’
প্রথম ওয়ানডে শেষেই ফিল্ডিংয়ের ঘাটতির কথা স্বীকার করে গেছেন বিরাট কোহলি। গতকাল ঠিক কোহলির কথার সঙ্গে সুর মেলালেন ফিল্ডিং কোচ আর শ্রীধর। তিনি এর জন্য দুষলেন সিরিজের ব্যস্ত সূচিকে। বললেন, ‘আমাদের চলতি সিরিজে বা যে কোনো সিরিজেই খুবই ব্যস্ত সময় কাটাতে হয়। আর ফিল্ডিং খুবই টেকনিক্যাল একটা ব্যাপার। এটা শুধরানোর জন্য বাড়তি ঘাম ঝরানোর কোনো বিকল্প নেই। তবে, এমন সিরিজগুলোর মধ্যে ফিল্ডিং অনুশীলনের জন্য আলাদা করে সময় বের করাটা খুবই মুশকিল। তবে, এটা ঠিক যে আমরা মাঠে যেমন ভুল করছি তার জন্য অজুহাত দেওয়া ঠিক না। তবে, ফিল্ডিংই দলের এখন এমন একটা জায়গা যেটা নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে।’
শ্রীধর মনে করেন ফিল্ডিংয়ের জন্য দলের তরুণদের আদর্শ মানা উচিত অধিনায়ক বিরাট কোহলিকে। তিনি বলেন, ‘আগের দিন হেনরি নিকোলসকে বিরাট যেভাবে রান আউট করল সেটা ছিল অবিশ্বাস্য। ফিল্ডিংয়ে এই ছোটোখাটো ব্যাপারগুলোই পার্থক্য গড়ে দেয়। বিরাট দলের সেরা ফিল্ডার। বাকিদের উচিত এক্ষেত্রে অন্ধের মতো তাকে অনুসরণ করা।’
