আর মাত্র এক সপ্তাহ পর জাতীয় সাংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ বাঘা-চারঘাট আসনে বিএনপির প্রার্থী আবু সাইদ চাঁদের প্রার্থীতা ইতিমধ্যে বাতিল করেছে হাইকোর্টের একটি বেঞ্চ। ফলে মাঠে নেই বিএনপি। এদিকে একচেটিয়া প্রচারণা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।
অনেকে মনে করছেন, এ আসনটিতে এখন গত দুইবারের নির্বাচিত সাংসদ ও বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আবারও জয়যুক্ত হবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চারঘাট উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র জমা না দিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হন দলের জেলা কমিটির সিনিয়র নেতা আবু সাইদ চাঁদ। এ কারণে তার প্রার্থীতা বাতিল করেন হাইকোর্ট। এরপর থেকে এই আসনটিতে মাইকিংসহ গণসংযোগে এগিয়ে যান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী আলহাজ শাহরিয়ার আলম। এখানে অপর দুই প্রার্থী হলেন, ইসলামী আন্দোলনের-আব্দুস সালাম সুরুজ এবং জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন।
স্থানীয় ভোটাররা বলেন, গত ৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের পর এই আসনটিতে চারজন প্রতিদ্বন্দ্বী টিকে ছিলেন। তবে ভোটের লড়াই হওয়ার কথা ছিল আবু সাইদ চাঁদ ও শাহরিয়ারের মধ্যে।
এর আগে গত ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই বাছাই শেষে উপজেলা চেয়ারম্যান পদ থেকে ইস্তফা না দেওয়ায় চাঁদের প্রার্থীতা স্থগিত করা হয়। পরে হাইকোর্ট যাদের মনোনয়নপত্র বাতিল করেন তার মধ্যে রাজশাহী-৬ আসনে আবু সাইদ চাঁদের নাম চলে আসে। এরপর থেকে চুপসে যায় চারঘাট-বাঘার বিএনপি নেতা-কর্মীরা।
এদিক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলম দিনরাত সমানে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রতিটি পাড়া, মহল্লায় নৌকা প্রতীকে গণজোয়ার সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। দুই উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা মনে করছে তাদের বিজয় আবারও সুনিশ্চিত।
আরও পড়ুনঃ রংপুর-ঢাকা মহাসড়কের ৭০ কিলোমিটার এলাকা নিরাপত্তার চাদরে
বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, 'শাহরিয়ার ভাই গত ১০ বছরে চারঘাট-বাঘার অনেক উন্নয়ন করেছেন। এই উন্নয়নের জায়গা থেকে জনগণ আবারও তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ।'
ইত্তেফাক/নূহু
