ভোটের পরে আসুন, শাহিনবাগ মামলায় ভারতের সুপ্রিম কোর্ট

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৫

আজ শনিবার দিল্লি বিধানসভার ভোটগ্রহণ। আদালতের কোনো সিদ্ধান্ত ভোটে প্রভাব ফেলতে পারে। তাই আপাতত শাহিন বাগের প্রতিবাদীদের উচ্ছেদের দাবিতে দায়ের হওয়া মামলার শুনানি সোমবার পর্যন্ত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। দিল্লির প্রাক্তন বিজেপি বিধায়ক নন্দ কিশোরের দায়ের করা মামলার শুনানিতে সে কথা উল্লেখ করে শীর্ষ আদালতের বিচারপতি এস কে কলের সরস মন্তব্য, ‘ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ছে, তাই আমরা মামলার শুনানি স্থগিত রাখছি।’ খবর আনন্দবাজার পত্রিকার।

সংশোধিত নাগরি-কত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির বিরুদ্ধে এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির শাহিন বাগে প্রতিবাদে শামিল হয়েছেন নারী ও শিশুরা। তীব্র শীত, পুলিশী দমনের চেষ্টাকে উপেক্ষা করেও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কয়েকশ মানুষ। সেই আন্দোলনের অনুকরণে কলকাতার পার্ক সার্কাস, উত্তরপ্রদেশের লখনউয়ের মতো দেশের বিভিন্ন প্রান্তেও একইভাবে চলছে আন্দোলন। তার মধ্যেই এই সপ্তাহের শুরুতে একটি মামলা দায়ের করেন বিজেপি নেতা নন্দ কিশোর।

নন্দ কিশোর অবশ্য সরাসরি শাহিন বাগে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা করেননি। তার দাবি ছিল, জনসমক্ষে যে কোনো প্রতিবাদের ওপর লাগাম টানতে সুনির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিক শীর্ষ আদালত। সেই মামলাতেই শাহিন বাগের উদাহরণ দেন নন্দ কিশোর। মামলায় দাবি করা হয়, আন্দোলনকারীদের হটকারিতা ও কাল্পনিক চিন্তাভাবনার কাছে পুলিশ-প্রশাসন কার্যত অসহায়। তাছাড়া যারা প্রতিদিন দক্ষিণ দিল্লি থেকে নয়ডা যাতায়াত করেন, তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে শাহিন বাগের আন্দোলনের জন্য।

সেই মামলা ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কল এবং বিচার-পতি কে এম জোসেফের বেঞ্চে। সোমবার পর্যন্ত শুনানি স্থগিত রাখার পাশাপাশি বিচারপতিরা মামলাকারীর আইন-জীবীকে সতর্ক করেছেন, কেন এই মামলা দিল্লি হাইকোর্টে শুনানি হবে না, তার উপযুক্ত ব্যাখ্যা দেওয়ার জন্য যেন প্রস্তুত হয়ে আসেন। আইনজীবী মহলের একাংশের পর্যবেক্ষণ, আদালত এই মুহূর্তে মামলাকারীর পক্ষে রায় দিলে বিজেপি ভোটে তার সুবিধা নিতে ঝাঁপিয়ে পড়ত। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট।