তুরস্কের পূর্বাঞ্চলে পর পর দুটি তুষার ধসের ঘটনায় মৃতের সংখ্যা ৪১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ৭৫ জন। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) কর্মকর্তারা জানান, প্রথম দফা তুষার ধসের পর উদ্ধার তত্পরতা চলার মধ্যে দ্বিতীয় দফা ধসে বেশিরভাগ মানুষ হতাহত হয়েছে। আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা। এএফএডি কর্মকর্তারা জানান, গত ৪ ফেব্রুয়ারি রাতে ভান প্রদেশের পার্বত্য শহর বাচেশারাইয়ের একটি মহাসড়কের কাছে তুষার ধসে পাঁচ জন নিহত হয়। সেখানে উদ্ধার তত্পরতা চালাতে প্রায় ৩০০ জরুরি সেবাকর্মীকে পাঠানো হয়। উদ্ধার কাজ চলার মধ্যে বুধবার বিকালে দ্বিতীয় দফায় তুষার ধসের কবলে পড়েন উদ্ধারকর্মীরা।
ভান প্রদেশের গভর্নর মেহমেত এমিন বিলমেজ বলেন,‘তুষারের নিচে চাপা পড়া সহকর্মীদের উদ্ধারে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে জরুরি কর্মীরা’। তবে কতজন নিখোঁজ রয়েছে সে বিষয়ে কিছু জানাননি তিনি। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার অন্তত ৩০ জনকে হয় উদ্ধার করা হয়েছে নয়তো নিজেরাই তুষারের নিচ থেকে বের হতে সক্ষম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে তাদের অবস্থার আর কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
