আজ রাজারবাগ পুলিশ লাইনসে নাগরিক সংবর্ধনা
বিশেষ প্রতিনিধি
গৌরবময় সেবার ৪৪ বছর পেরিয়ে ৪৫ বছরে পদার্পণ করল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শনিবার পালিত হবে ডিএমপির ৪৫তম প্রতিষ্ঠা দিবস। দিবসটি উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইনসে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া থাকবেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ অন্যরা। আজ বিকাল তিনটায় ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে রাজারবাগ পুলিশ লাইনস পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এছাড়া প্রতিষ্ঠা দিবসের ডকুমেন্টারি প্রদর্শনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে। পুলিশ বলছে, ‘শান্তি শপথে বলীয়ান’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ডিএমপি জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ পুলিশের বৃহত্ ইউনিট ঢাকা মেট্রোপলিটন পুলিশ ১৯৭৬ সাল থেকে জনবহুল রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ ও প্রতিকারে নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তিগত দক্ষতা এবং পেশাগত জ্ঞান অর্জনকে প্রাধান্য দিয়ে, সৃজনশীলতা এবং জন অংশীদারিত্বকে অন্যতম কার্যকৌশল হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
