অন্যের দোষ নার্স নেতাদের ওপর চাপালে মানব না :বিএনএ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৩

বিশেষ প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও বাণীসংবলিত ক্রশ ব্যানার নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের ওপর ভিত্তি করে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক নার্স নেতাদের শোকজের প্রতিবাদ জানিয়েছে নার্সদের জাতীয় সংগঠন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখা কমিটি। গতকাল শুক্রবার বিএনএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. জামাল উদ্দিন বাদশা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌক্তিক কারণ ছাড়া ঢালাওভাবে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নেতৃবৃন্দকে অভিযুক্ত করে তাদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। একটি বিশেষ মহলের হীন উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও বাণীসংবলিত ক্রশ ব্যানারটি মহাপরিচালকের কক্ষে রক্ষিত ছিল এবং মহাপরিচালকের নির্দেশেই কক্ষটি পরিষ্কার-পরিছন্ন ও পরিপাটি করা হয়, সেহেতু উক্ত ছবি কোথায়, কার কাছে, কোন অবস্থায় সংরক্ষিত ছিল তার দায় সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষের ওপরই বর্তায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দৈনিক পত্রিকায় ডিজি নার্সিংয়ের বরাতে প্রকাশিত প্রতিবাদলিপি মোতাবেক কক্ষটি পরিষ্কার-পরিছন্ন ও পরিপাটি করার পর গত ২৭ নভেম্বর ব্যানারটি উপপরিচালক (শিক্ষা)-এর কক্ষ থেকে মহাপরিচালকের কক্ষে পুনরায় সংরক্ষণ করা হয়। অথচ দুই দিন পরে গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত নার্সিং পেশায় বিরাজমান বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে নেতৃবৃন্দের পূর্বনির্ধারিত সভার বরাত দিয়ে ঢালাওভাবে অভিযুক্ত করায় নার্সসমাজ মর্মাহত, ক্ষুব্ধ ও হতাশাগ্রস্ত। একইসঙ্গে ভারপ্রাপ্ত সভাপতি ইসমত আরা পারভীন, চেয়ারপারসন, (সার্ভিস) কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির নাজমা পারভীন এবং বিএনএ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারীকে যে বিষয়ে শোকজ করা হয়েছে, অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে বিএনএ।