যুবকের গলিত মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৩

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে মামুন শেখ নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। তার বাবার নাম মোকছেদ শেখ। বৃহস্পতিবার সন্ধ্যায় রূপনগর এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাতে মরদেহটি শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক বলেন, রূপনগর ‘ট’ ব্লকের একটি ভবনের নিচতলায় একাই থাকতেন মামুন। বৃহস্পতিবার আশপাশের কক্ষের লোকজন দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে আনুমানিক পাঁচ থেকে ছয় দিন আগে ঐ যুবকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।