মনিকা-ক্লিনটন সম্পর্ক

বিবাহবিচ্ছেদ না করে সমালোচনার মুখে পড়েছিলাম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৫

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত জীবন নিয়ে একটি নতুন ডকুমেন্টারি তৈরি হয়েছে। ‘হিলারি’ নামের এই ডকুমেন্টারি বৃহস্পতিবার সুদানের চলচ্চিত্র উত্সবে দেখানো হয়েছে। আগামী ৬ মার্চ হুলুতে দেখানো হবে। এরই মধ্যে ডকুমেন্টারিতে তার কিছু বক্তব্য আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যে তার স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে হোয়াইট হাউজের তত্কালীন ইন্টার্ন মনিকা লিউনিস্কির সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। যদিও হিলারি বলেছেন, আবেগতাড়িত হয়েই তিনি          এসব কথা বলেছেন। খবর নিউ ইয়র্ক পোস্টের

মনিকা লিউনিস্কির সঙ্গে সম্পর্কের জেরে ১৯৯৮ সালে মার্কিন প্রতিনিধি পরিষদে অভিশংসনের শিকার হয়েছিলেন বিল ক্লিনটন। কিন্তু সিনেটে বেঁচে যান। হিলারিকে তার ব্যক্তিগত জীবন নিয়ে জিজ্ঞাসা করেছিলেন উপস্থাপক এলেন ডিগিনারিসে। তিনি বলেছিলেন, আমরা সবকিছু নিয়ে আলোচনা করব। ২০১৬ সালের প্রেসিডেন্ট প্রার্থী হিলারিও ইতিবাচক সাড়া দিয়েছিলেন।

ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গিয়ে হিলারি বলেন, মনিকা লিউনিস্কির সঙ্গে বিল ক্লিনটনের সম্পর্ক ফাঁস হওয়ার পর তিনি বিয়ে বিচ্ছেদ না করে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। এজন্য তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। হিলারি বলেন, এটা খুবই চটকদার যে, কিছু নারী যারা আমার ব্যক্তিগত বন্ধু এবং যারা আমাকে বিভিন্ন সময়ে সমর্থন দিয়ে থাকেন, তারা সত্যিই হতাশ হয়েছিলেন যে, আমি আমার স্বামীর সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। অনেক নারীই তখন আমার সঙ্গে কথা বলতে কিংবা সম্পর্ক রাখতে চাইতেন না। কারণ আমি স্বামীর সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চাইছিলাম। তিনি বলেন, সবারই পরিবারের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত।