আদমদীঘিতে অপহূত স্কুলছাত্রী সাভারে উদ্ধার, গ্রেফতার ৩

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৭

বগুড়ার আদমদীঘি থেকে অপহূত স্কুলছাত্রীকে সাত দিন পর ঢাকার সাভার এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে উদ্ধার এবং অপহরণকারী সজিব কুমার মালী ও তার বাবা শ্যামল মালী, মা কিরন রানি মালীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, আদমদীঘি উপজেলা সদরের আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ঐ ছাত্রী (১৫) প্রাইভেট পড়তে আসা-যাওয়ার পথে সজিব মালী তাকে প্রেম নিবেদনসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনা মেয়ের বাবা সজিবের পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়। এর জের ধরে গত ৩০ জানুয়ারি বিকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সজিব মালী ও তার সহযোগীরা আদমদীঘির সুরমা ক্লিনিকের গেটের সামনে থেকে ঐ স্কুলছাত্রীকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা আদমদীঘি থানায় উপজেলার কুন্দগ্রামের শ্যামল মালীর ছেলে সজিব মালীসহ পাঁচ জনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, পুলিশ অভিযান চালিয়ে অপহূতাকে উদ্ধার ও অপহরণকারী সজিব মালীসহ তিন জনকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া মেডিক্যালে পাঠিয়েছে পুলিশ।