ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নাগর মহল রোড এলাকায় হাক্কানী মসজিদের পাশে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কোলহের জেরে বৃহস্পতিবার গভীর রাতে রাসেল (২৬) নামের এক যুবক তার স্ত্রী আম্বিয়া বেগমকে (২৩) ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। এ সময় আম্বিয়ার চিত্কারে এলাকাবাসী ছুটে এসে রাসেলকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে তারা আম্বিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিত্সারত অবস্থায় গতকাল শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, রাসেলের মৃতদেহ সকালে মিটফোর্ড মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এস আই সৌরভকে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আম্বিয়ার পূর্বে একটি বিয়ে ছিল। রাসেলের সঙ্গে বিয়ের সময় আম্বিয়া সেই প্রসঙ্গ গোপন করেন। বিয়ের কিছুদিন পর তার আগের বিয়ের ঘটনা জানতে পারেন রাসেল। বিষয়টি নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া লাগতো। তাদের দুই জনেরই গ্রামের বাড়ি বাগেরহাট জেলায় বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
০
