রসায়নবিদরা গবেষণার মাধ্যমে টেকসই উন্নয়নে সহায়তা করবেন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩০

রসায়নবিদরা তাদের গবেষণার মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও স্বাস্থ্যে পরিপূর্ণতার মাধ্যমে টেকসই উন্নয়নে সহায়তা করবেন বলে আশা পোষণ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। গতকাল শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী  ‘রসায়নের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কিত আন্তর্জাতিক সম্মেলন’ (আইসিআরএসি) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘কনফারেন্সের মূল বিষয় স্বাস্থ্য ও কল্যাণে রসায়ন, যা পুরো বিশ্বের অন্যতম চাহিদা। বাংলাদেশের উন্নত অর্থনীতি ও টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের গবেষণা জরুরি। আর এজন্য দেশের সব রসায়নবিদকে এগিয়ে আসতে হবে। দেশকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকবৃন্দ প্রবন্ধ উপস্থাপন করবেন। যার বেশির ভাগই আমাদের নানা সমস্যা সমাধানে  কৃষি ও শিল্পখাতে ব্যাপক ভূমিকা রাখবে। পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রসায়ন সমিতির প্রেসিডেন্ট মো. আবুল করিম এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন আইসিআরএসির সাংগঠনিক সম্পাদক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল হক। উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে ভারত, নেপাল, সৌদি আরব, জাপান এবং যুক্তরাজ্যের গবেষকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের শতাধিক গবেষক ও শিক্ষক অংশ নেন।