নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিককে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে মহাসচিব হিসেবে সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মৃত্যুঞ্জয় কুমার রায়কে মহাসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাজোটের নেতারা এ কথা জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সিনিয়র যুগ্ম মহাসচিব উত্তম কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ড. সোনালী দাস, সিনিয়র সহসভাপতি লায়ন বিমল কৃষ্ণ শীল, সহসভাপতি মিঠু রঞ্জন দেব, তপন হালদার, সাধারণ সম্পাদক ডা. এম কে রায়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন দে, সহসাধারণ সম্পাদক সঞ্জয় প্রমুখ।
অভিযোগের ব্যাপারে গোবিন্দ্র চন্দ্র প্রামাণিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা একটি মিথ্যা প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। বিভিন্ন অনিয়মের কারণে তিনি কমিটির চার জনকে বহিষ্কার করেছিলেন। তারাই আজ (গতকাল) বিদ্রোহী হয়ে এই মিথ্যা অভিযোগ করছেন। তিনি আরো বলেন, চার জনকে বহিষ্কারের ফলে সংগঠনের কোনো ক্ষতি হবে না।
