ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাত্ করেছেন বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান। সাক্ষাত্কালে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের গুণগত পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেন শ্রিংলা। তিনি বলেন, ‘প্রতিবেশী প্রথম’ নীতির ক্ষেত্রে ভারত বাংলাদেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের স্বাধীনতা ও দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী যৌথভাবে উদ্যাপনে বাংলাদেশের অংশীদার হতে পেরে ভারত খুশি।
আগামী ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণের কথা রয়েছে। এ বিষয়ে শ্রিংলা জানান, মোদির বাংলাদেশ সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে আগামী মার্চের প্রথম সপ্তাহে ঢাকা সফরের পরিকল্পনা রয়েছে তার। ভারত চায়—মোদির বাংলাদেশ সফর পারস্পরিক কল্যাণের জন্য হবে। এ সময় হাইকমিশনার ইমরান দুই দেশের সম্পর্ক জোরালো করার ক্ষেত্রে বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার হিসেবে শ্রিংলার প্রচেষ্টার প্রশংসা করেন।
