ডেমোক্র্যাটদের আইওয়া ককাসে জয়ী বুতিগিয়েগ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৩

যুক্তরাষ্ট্রে বিরোধী দল ডেমোক্র্যাটদের আইওয়া ককাসে সামান্য ভোটের ব্যবধানে জয় পেয়েছেন পিট বুতিগিয়েগ। দীর্ঘ বিলম্বের পর এই তথ্য জানিয়েছে রাজ্য ডেমোক্র্যাট পার্টি। দলটি জানিয়েছে, ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের সাউথ বেন্ডের সাবেক মেয়র পিট বুতিগিয়েগ পেয়েছেন ২১ দশমিক ২ ভাগ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সিনেটর বার্নি স্যান্ডার্স পেয়েছেন ২৬ দশমিক ১ ভাগ ভোট। এলিজাবেথ ওয়ারেন ১৮ ভাগ ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ১৫ দশমিক ৮ ভাগ ভোট পেয়েছেন।

সম্প্রতি চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীকে মোকাবিলা করার প্রার্থী খুঁজতে আইওয়া ককাসের ভোট শুরু হয়। কিন্তু কারিগরি ত্রুটির কারণে ফল পেতে বিলম্ব হয়। রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট ট্রাম্পই মনোনয়ন পাবেন বলে আশা করা হচ্ছে। গতকাল সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালস প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে কাগজ ছিঁড়ে তিনি ঠিক কাজই করেছেন। কারণ ঐ ভাষণে অনেক মিথ্যা তথ্য ছিল। -রয়টার্স ও সিএনএন