রূপগঞ্জে পল্লি চিকিত্সকের ভুল চিকিত্সা

গৃহবধূর গর্ভে সন্তান মারা যাওয়ার অভিযোগ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০০:২৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইয়াছিন নামে এক পল্লি চিকিত্সকের ভুল চিকিত্সার কারণে শাহানাজ আক্তার নামে এক গৃহবধূর গর্ভের চার মাসের যমজ সন্তান মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার উপজেলার যাত্রামুড়া এলাকায় ঘটে এ ঘটনা। শাহানাজ আক্তার ফরিদপুর জেলার বাঘাটি পশ্চিমপাড়া এলাকার নুরুল ইসলামের স্ত্রী। বর্তমানে শাহানাজ আক্তার অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন। গৃহবধূর স্বামী নুরুল ইসলাম জানান, তার স্ত্রী শাহানাজ আক্তারের সমস্যা দেখা দিলে তাকে যাত্রামুড়া এলাকার তামীন পল্লি ক্লিনিকে পল্লি চিকিত্সক ইয়াছিনের কাছে নিয়ে যান। তিনি তার সমস্যার কথা শুনে ওষুধ দেন। এ ওষুধ খাওয়ার পর তার স্ত্রী আরো অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্থানীয় ক্লিনিকেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তার পরীক্ষা করে দেখেন তার গর্ভের দুটি সন্তানই মারা গেছে।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ডাক্তার ইয়াছিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ঐদিনই সে পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে বাড়িতে চলে আসে। নুরুল ইসলাম আরো জানান, তারা গরীব ও ভয়ের কারণে ডাক্তারের বিরুদ্ধে কোনো মামলা করতে সাহস পাননি।  এ ব্যাপারে অভিযুক্ত পল্লি চিকিত্সক ইয়াছিন বলেন:‘ ক্ষতিপূরণ  বাবদ আমি তাদের ১০ হাজার টাকা দিয়েছি।’ রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।