ভ্যালেন্টাইন দিবসে বিদগ্ধ কবির সাক্ষাত্কার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৫৩

 

/ সত্যজিত্ বিশ্বাস

 

উপস্থাপক :আচ্ছা কবি ভাই, ভ্যালেন্টাইন দিবস আসলে কী?

বিদগ্ধ কবি :অভিশংসিত আইন 

                ধারা সিক্সটি নাইন,

                বলির পাঁঠা দিবস,

                সে যে ভ্যালেন্টাইন।

উপস্থাপক :ভ্যালেন্টাইন দিবসের তাত্পর্য বিষয়ে যদি কিছু বলতেন...

বিদগ্ধ কবি :ধরিয়া ধৈর্য্য

                করিয়া কর্জ,

                সিল খাওয়াই

                মূল তাত্পর্য।

উপস্থাপক :ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে আপনার ভক্তদের প্রতি আপনার মেসেজ কী?

বিদগ্ধ কবি :কোরো নাকো ভুল

                দিয়ে না গো ফুল,

                দিন শেষে মাথায়,

                থাকিবে না চুল।

উপস্থাপক :ব্যাপার কি ভাই, আপনি তো দেখি সেই তখন থেকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে নেগেটিভ কথা বলেই যাচ্ছেন। ছ্যাঁকা খাইছেন নাকি?

বিদগ্ধ কবি :জীবন মানেই ছ্যাঁকা

                একবার না, বারবার হয়েছি ব্যাঁকা

                বিলিভ মি ব্রো,

                এক জীবনে, প্রতিটি মানুষ একা। 

উপস্থাপক :একা না থেকে বিয়ে করলেই পারতেন?

বিদগ্ধ কবি :লাজুক হেসে বলেছিল সুমি  

                লাগছে নাকি বর বর,

                শিস মেরে যেই আগালাম

                হয়ে গেলাম বর্বর।

উপস্থাপক :আহারে, খুবই দুঃখের কথা। বিদায় নেওয়ার আগে কিছু কি বলার আছে? 

বিদগ্ধ কবি :কেউ হবে কী কেট উইন্সলেট

                আমি ডিকাপ্রিয়, 

                বরফ জলে না ডুবিয়ে প্লিজ

                ভালোবাসাটুকু দিও।