ভ্রাম্যমাণ প্রতিনিধি
পশ্চিমের ঝিনাইদহ জেলার মহেশপুর ও চুয়াডাঙ্গা জেলা জীবননগর এবং দামুরহুদা উপজেলা সীমান্ত দিয়ে ভারত থেকে আসছে মাদক। বিজিবি, র্যাব ও পুলিশের হাতে প্রায় প্রতিদিন ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা ট্যাবলেটের চালান ধরা পড়ছে। মিডিয়াতে পাঠানো তাদের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
র্যাব-৬ এর ঝিনাইদহ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, শনিবার সকাল সোয়া ৭টায় মহেশপুর উপজেলার খালিশপুরে অভিযান চালিয়ে দুই জনকে আটক ও ২৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটককৃতরা হচ্ছে, মাগুরার পুলিশ লাইনের পার্শ্ববর্তী পূর্বপাড়ার হাফিজ খানের ছেলে আশিক খান ও ঝিনাইদহ সদর উপজেলার ষাটবাড়ে গ্রামের ধীরেন দাসের ছেলে জয় দাস। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইলাম খান জানান, শুক্রবার রাতে বিজিবি অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৫ বোতল ফেনসিডিল ও একই উপজেলার হরিহরনগর থেকে ৫৭ বোতল ফেনসিডিল এবং গয়েশপুর থেকে আট কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
