বঙ্গোপসাগরে অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে ১২ জেলে আটক

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৩

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে ফিশিং ট্রলারসহ ১২ জেলেকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। শনিবার বিকালে ট্রলারসহ আটক জেলেদের মোংলা থানায় সোপর্দ করা হয়।

কোস্টগার্ডের বরাত দিয়ে পুলিশ জানায়, কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস সোনার বাংলা’ বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় টহলকালে একাধিক ফিশিং ট্রলার দেখে। এ সময় ‘এফবি সুদিপ’ নামের একটি ট্রলারসহ ১২ জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সমুদ্রসীমা আইন লঙ্ঘনের অপরাধে মোংলা থানায় মামলা করে কোস্টগার্ড। অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশিসহ কোস্টগার্ড ও পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।