নিউজিল্যান্ডের প্রতিশোধ

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৬

ওয়ানডে সিরিজ

 স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হারের শোধ নিল গতকাল শনিবার দুদেশের মধ্যকার ওয়ানডে সিরিজটি ২-০ তে জিতে।

অকল্যান্ডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি ২২ রানে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে অর্জনটি সম্ভব করে নিউজিল্যান্ড। স্বাগতিকরা প্রথমে ব্যাট করে ২৭৩ রান তোলে। এরপর ভারতকে ৪৮.৩ ওভারে ২৫১ রানে অলআউট করে সংগ্রহটি ধরে রাখে।

অধিনায়ক কেন উইলিয়ামসন এবং শীর্ষ দুই বোলার ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসনকে ছাড়াই খেলতে নেমে অমন জয় পাওয়া নিউজিল্যান্ডের জন্য অনেক কৃতিত্বের। স্বাগতিকদের ছয় ফুট আট ইঞ্জি লম্বা কাইল জেমিসন অভিষেক ম্যাচে ৪২ রানে দুই উইকেটের পাশাপাশি ২৪ বলে ২৫ রান করেন। এ অলরাউন্ড নৈপুণ্যের জন্য পরে ম্যান অব দ্য ম্যাচ হন জেমিসন।

ভারতের হারের জন্য দায়ী তাদের মিডল অর্ডার ব্যাটিং। যদিও শুরুতে নিউজিল্যান্ড ব্যাটিংকে নিয়ন্ত্রণে এনেও শেষ দিকে সুযোগ হাতছাড়া করে বোলাররা।

অধিনায়ক বিরাট কোহলি এ প্রসঙ্গে বলেন, ‘আমরা যেভাবে শেষ করেছি তাতে আমি মুগ্ধ। আমরা ১৯৭/৮ থেকেই তাদের ২৭০ এর বেশি করতে দিয়েছি। জবাবি পালায় শেষদিকে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাই। ব্যাট হাতে আমাদের সমস্যা হচ্ছিল। কিন্তু সাইনি ও জাদেজা সত্যি অনেক ভালো খেলেছিল। একইভাবে নৈপুণ্য দেখিয়েছিল শ্রেয়াসও।’

কোহলি অবশ্য মনে করেন টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে ওয়ানডে ক্রিকেট অতটা প্রাসঙ্গিক নয়। তিনি বলেন, ‘টেস্ট ও টি-টোয়েন্টি বিচারে এ বছর ওয়ানডে খুব বেশি প্রাসঙ্গিক নয়। এর পরও চাপের মধ্যে ভালো খেলতে পারাদের খুঁজে পাওয়া আমাদের জন্য বড়ো কিছু।’

রবীন্দ্র জাদেজা ৭৩ বলে ৫৫ রান করেন। তাকে সঙ্গ দেন নবদ্বীপ সাইনি যিনি ৪৫ রান করেন ৪৯ বলে। দুজনের ৭৬ রানের পার্টনারশিপে একটা সময়ে ভারত জয়ের আশা জাগিয়েছিল।

টসে হারা নিউজিল্যান্ড এর আগে রস টেলর ৭৩ রানের ইনিংস খেলে দলকে বড়ো সংগ্রহ পেতে সাহায্য করেন। এটা ছিল তার ৫১তম অর্ধশতক। তিনি নবম উইকেটে জ্যামিসনকে নিয়ে ৫১ বলে ৭৬ রানের পার্টনারশিপ গড়লে স্বাগতিকরা ১৯৭/৮ থেকে পুরো ৫০ ওভার খেলে করে ২৭৩ রান। টেলরের আগে মার্টিন গাপটিল (৭৯) ও হেনরি নিকোলস (৪১) প্রথম উইকেটে ৯৩ রান করেন কাল। সব মিলিয়েই আসে জয়টি।