অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (এএপি) ভারতের দিল্লিতে তৃতীয়বারের মতো ক্ষমতায় বসতে পারে। বুথ ফেরত সমীক্ষায় এমনটি জানা গেছে। শনিবার ৭০ আসনের দিল্লি বিধানসভার ভোট গ্রহণ হয়। ভোট শেষেই শুরু হয় বুথ ফেরত জরিপ বা এক্সিট পোল।
বিভিন্ন টিভি চ্যানেলে যে বুথ-ফেরত সমীক্ষা দেখানো হচ্ছে, তার সবকটাতেই বিজেপির চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আর গত বারের মতো এবারেও প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস।
একাধিক প্রতিষ্ঠানের করা জরিপের গড় হিসাবে কেজরিওয়ালের আম আদমি পার্টি ৭০টি আসনের মধ্যে এবার ৪৪টিতে জয়ী হতে পারে। বিজেপি পেতে পারে ২৬টি আসন।
ইন্ডিয়া টিভির সমীক্ষায় ৪৪টি আসন পেয়ে বিজেপির থেকে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। বিজেপি ২৬টি আসন পেতে পারে বলে দাবি তাদের। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন।
তবে এই ধরনের সমীক্ষা কখনও শেষ কথা বলে না। বহু সময়ে বাস্তব ফল যে সমীক্ষার সঙ্গে মেলে না তাও প্রমাণিত হয়েছে। তবু সাধারণ প্রবণতা হিসেবে এই ধরনের সমীক্ষা স্বীকৃত। আগামী মঙ্গলবার এ নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
খবর: আনন্দবাজার
ইত্তেফাক/জেডএইচ
