স্বাধীনতাবিরোধী অপশক্তির পরাজয় নিশ্চিত: ওবায়দুল কাদের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২০:২৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘বিজয়ের মাসে স্বাধীনতাবিরোধী অপশক্তির পরাজয় নিশ্চিত। সারাদেশে নৌকার গণজোয়ারে ধানের শীষ ডুবে গেছে। সারাদেশের মতো নোয়াখালীর ৬টি আসনেও নৌকার গণজোয়ার বইছে। ধানের শীষ এখন পেটের বিষ। ধান কাটা শেষ, এখন নৌকায় তুলে নিন। বিএনপি এখন এলোমেলো। হারার আগেই হেরে গেছে তারা। তাদের তিনটি গুণ সন্ত্রাস, দুর্নীতি ও মানুষ খুন।’

রবিবার দুপুরে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সেনবাগ উপজেলা সরকারি পাইলট হাইস্কুল, সোনাইমুড়ী হাইস্কুল ও চাটখিল পিজি হাইস্কুল মাঠে নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে ভুয়া আখ্যায়িত করে তিনি বলেন, ‘এ দল কি দিয়েছে? কলা দেখিয়েছে, মুলা ঝুলিয়েছে, বাঙালিকে হাইকোর্ট দেখিয়েছে। আর কিছু দিয়েছে? দেয়নি। এখন বলে আন্দোলন করবে। কি আন্দোলন করবে? ১০ বছরে তারা ১০ মিনিটের জন্যও রাস্তায় দাঁড়াতে পারেনি। আন্দোলনের মরাগাঙে আর জোয়ার আসবে না। তবে আন্দোলনের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।’

বিএনপি ও ঐক্যফ্রন্টকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের দলের নেতা আছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। তাদের নেতা কে? ঐক্যফ্রন্টের নেতা আছেন, মাথা নেই। কে হবেন এ জোটের প্রধানমন্ত্রী? তাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া ফেরারি সাজাপ্রাপ্ত আসামি।’

আরো পড়ুন: কিশোরগঞ্জে নির্বাচনী পোস্টার ছেঁড়া মামলায় গ্রেফতার ৪

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘বাংলাদেশকে আলোর পথে নিয়ে এসেছে আওয়ামী লীগ। আপনাদের শেখ হাসিনার প্রতি আস্থা আছে? আরো উন্নয়ন চান? এ উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে চান? তাহলে নৌকায় ভোট দিন। নৌকার বিকল্প নেই, শেখ হাসিনার বিকল্প নেই। আমাদের প্রধানমন্ত্রী বিশ্বে ১০ জন সেরা নেতার একজন। আমাদের প্রধানমন্ত্রী বিশ্বে দুজন সেরা প্রধানমন্ত্রীর একজন। আমাদের প্রধানমন্ত্রী আজকের বিশ্বে তিনজন সৎ রাষ্ট্রনায়কের একজন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের চারজন পরিশ্রমী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একজন। সারাবিশ্বে সৎ ও সাহসী একজন নেতা তিনি। আপনারা জেতার আগে জিতে গেছেন এটি ভাববেন না। নিজেদের ভেতরের সকল হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীদের পক্ষে কাজ করে জয়ী করতে পারলেই জিতবেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘১৫ আগস্ট ও ২১ আগস্টের খুনিদের এবং ২০১৪ সালের আগুন সন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চান? যদি তা না চান, তাহলে ৩০ তারিখ সারাদিন শেখ হাসিনার নৌকায়, বঙ্গবন্ধুর নৌকায়, মওলানা ভাসানীর নৌকায়, সোহরাওয়ার্দীর নৌকায়, শেরে বাংলার নৌকায় ভোট দিন।’

এ পথ সভাগুলোতে বক্তব্য দেন- নোয়াখালী-১ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী এইচএম ইব্রাহিম, নোয়াখালী-২ আসনের প্রার্থী মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, আওয়ামী লীগ নেতা লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোমিনুল ইসলামম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবু, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির ও সাধারণ সম্পাদক জাকের হোসেন জাহাঙ্গীর প্রমুখ।

ইত্তেফাক/বিএএফ