নীলফামারী-৪ আসনের মহাজোট প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে ২৪ জনকে আসামি করে মামলা করেছে জাতীয় পার্টির এমদাদুল হক নামে সমর্থক। এ মামলায় গত দুই দিনে ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও মাগুড়া ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলী, ওই ইউনিয়নের জামায়াতের সভাপতি মাওলানা মজিবর রহমান, যুবদলের নিতাই ইউনিয়নের আহ্বায়ক আনারুল ইসলাম বাবু ও বিএনপি কর্মী জোবেদ আলী।
আরো পড়ুন: লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি আওয়ামী লীগের
কিশোরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কামারপাড়াসহ বিভিন্ন স্থানে মহাজোট প্রার্থী আহসান আদেলুর রহমান আদেলের লাগানো পোস্টার চিড়ে ফেলে মর্মে নির্বাচনী কর্মী এমদাদুল হক গত ২১ ডিসেম্বর থানায় একটি মামলা দায়ের করে। মামলায় উপজেলা জামায়াতের আমির আকতারুজ্জামান বাদল উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ (কালাশা) বিএনপির ২৪ জনকে আসামি করে। এরমধ্যে অজ্ঞাতনামা আসামি রয়েছে ৮০/৯০জন। এসব আসামিদের বাড়িতে প্রতিদিনই পুলিশ হানা দিচ্ছে বলে আসামিদের পরিবারবর্গ অভিযোগ করেন। আসামিদের পরিবারের লোকজন বলেন, রাতে কে বা কাহারা পোস্টার ছিঁড়ে ফেলেছে বা আদৌ ছেড়া হয়েছে কিনা তা আমরা জানি না। মূলত: হয়রানি করার জন্য এ মামলা দায়ের করা হয়েছে।
কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিদের নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ
