টুকিটাকি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭

রাওয়ালপিন্ডি টেস্ট

আবিদ আলীর ‘প্রথম’

ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি করে বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছিলেন আবিদ আলী। নিজেই বলে রেখেছিলেন, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষেও সেঞ্চুরি করে রেকর্ডটা বড়ো করতে চান। ছুতে চান, অভিষেকের পর প্রথম তিন টেস্টেই সেঞ্চুরি করা সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকে। তবে, বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে উলটোপথে হাঁটলো তার ব্যাট। এবার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরলেন এই ওপেনার। তিন টেস্টের ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো ‘ডাক’ এর স্বীকার হলেন তিনি। পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভারেই বাংলাদেশের পেসার আবু জায়েদ রাহির বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। যদিও, রেকর্ড গড়ার একটা সুযোগ পাকিস্তান দ্বিতীয় ইনিংসেও পেতে পারেন ডান হাতি এই ব্যাটসম্যান।