ব্রাজিলীয় লিগে গেলেন হোন্ডা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭

জাপানি মিডফিল্ডার কেইসুকে হোন্ডা ব্রাজিলের ক্লাব বোটাফোগোতে খেলতে গেলে সেখানকার হাজার হাজার সমর্থক তাকে নায়কোচিত সংবর্ধনা দেয়। হোন্ডা গত শুক্রবার বছরখানেকের চুক্তিতে ক্লাবটিতে খেলতে রিও ডি জেনিরোয় পৌঁছান। জাপানের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হোন্ডাকে গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা। বোটাফোগো গত মৌসুমে ব্রাজিলের লিগটিতে কোনোরকমে অবনমন এড়িয়ে ১৫তম স্থান পাওয়ার পর এ দফায় দলের শক্তি বাড়াতেই তাকে নিয়েছে। গেল ডিসেম্বরে ডাচ দল ভিটেসে আর্নহেম ত্যাগের পর ক্লাবহীন ছিলেন। এসি মিলান ও সিএসকেএ মস্কোর সাবেক এই খেলোয়াড় জাপানের হয়ে ৯৮ ম্যাচে ৩৭ গোল করেছেন। এগুলোর মধ্যে চারটি হলো বিশ্বকাপে করা। ২০১৮ সালে হোন্ডা তিনটি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হয়েছিলেন।