বাংলাদেশকে সমীহ ভারতের

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৭

স্পোর্টস ডেস্ক

এবারই প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে ভারত এই টুর্নামেন্টের ইতিহাসেরই সবচেয়ে সফল দল। চার বার এই আসরের শিরোপা জিতেছে দলটি। তবুও, বাংলাদেশকে সমীহের কোনো কমতি রাখছে না দলটি।

ফাইনাল ম্যাচের আগে ভারতের অধিনায়ক প্রিয়াম গার্গ বলেন, ‘বাংলাদেশের এই দলটা বেশ ভালো। ওদেরকে সমীহ না করার কোনো কারণ নেই, নিজেদের যোগ্যতা দিয়েই ওরা ফাইনালে এসেছে। ওদের ব্যাপারে সতর্ক হয়েই আমাদের মাঠে নামতে হবে।’ বিশ্বকাপে দলের পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত গার্গ। তিনি বলেন, ‘এখন আমরা দারুণ ফুরফুরে মেজাজে আছি। আমরা যে স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম, তার থেকে আমরা মাত্র এক ম্যাচ দূরে দাঁড়িয়ে আছি। আর এটাই প্রথমবারের মতো নয়। আমাদের পূর্বসূরিরা আগেই এই শিরোপা জিতে গেছে। এবার আমাদের নিজেদেরকে প্রমাণ করার পালা।’

দলের ওপর আস্থা রেখে অধিনায়ক বলেন, ‘আমাদের সবার মধ্যে দারুণ বোঝাপড়া। আমরা গেল একটা বছর এক সঙ্গে খেলছি। ফলে, মাঠে আমাদের মধ্যে ভালো একটা যোগাযোগ থাকে। যত আপনার দল এক সঙ্গে খেলবে ততই তো তাদের মধ্যে পরিপক্কতা আসবে।’

দুই বছর আগে নিউজিল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়াকে ফাইনালে আট উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে চতুর্থবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। ভারতের ফিল্ডিং কোচ অভয় শর্মা দাবি করলেন এই সাফল্যের মূলে আছেন রাহুল দ্রাবিড়। তিনি বলেন, ‘আমরা একটা প্রক্রিয়া নির্মাণ করে ফেলেছি। আমাদের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান রাহুল দ্রাবিড় ভবিষ্যত্ দেখতে পান। তার দেওয়া পরিকল্পনা বাস্তবায়ন করতে বোর্ডও কোনো কমতি রাখেনি।’

ফাইনালে মাঠে নামার আগে ভারতীয় তরুণরা পেলেন বড়োদের শুভকামনা। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার দেওয়া এক ভিডিও বার্তায় টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা বলেন, ‘আমি শুধু সবাইকে বলতে চাই, এতদিন যা করেছ ফাইনালেও সেই একই প্রক্রিয়াই ধরে রাখতে হবে। শুধু নিজেদের স্বাভাবিক খেলাটা খেল আর শিরোপা নিয়ে বাড়ি ফিরে এসো।’

টেস্টের সহঅধিনায়ক আজিঙ্কা রাহানেও তার সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘নিজেদের খেলাটাই খেল, এটাতেই তোমরা সবচেয়ে ভালো। আমরা সবাই তোমাদের সমর্থন যুগিয়ে যাব। পুরো জাতি তোমাদের সমর্থন জুগিয়ে যাবে।’

উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা বললেন, প্রতিপক্ষকে সেটা নিয়ে না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দিতে। তিনি বলেন, ‘যেভাবে এতদিন প্রতিপক্ষের ওপর আধিপত্য ধরে রেখে খেলে এসেছে এবারো সেই একই কাজটাই কর। প্রতিপক্ষ যেই হোক না কেন তাদের শুধু উড়িয়ে দাও।’