পিএসএলে ফিক্সিং
স্পোর্টস ডেস্ক
পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামসেদের বিপদ আরো বাড়ল। স্পট ফিক্সিংয়ে জড়িত থাকা ও সতীর্থদের ঘুষ দেওয়ার ষড়যন্ত্র করার কারণে তাকে ১৭ মাসের কারাদণ্ড দিয়েছে ম্যানচেস্টার ক্রাউন কোর্ট।
তাকে দুই ব্রিটিশ নাগরিক ইউসুফ আনোয়ার ও মোহাম্মদ ইজাজের সঙ্গে গ্রেফতার করা হয়। এরপর ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) তদন্তে বের হয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। আনোয়ারকে ৪০ মাস ও ইজাজকে ৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জামসেদের বিরুদ্ধে অভিযোগ তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০১৮ সালের আসরে দুবাইয়ে অনুষ্ঠিত ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচে খেলোয়াড়দের ইচ্ছা করে খারাপ খেলার জন্য প্রভাব খাটান। এর জন্য সতীর্থদের তিনি ৩০ হাজার ব্রিটিশ পাউন্ড দেওয়ারও প্রস্তাব দেন। তিন জন নিজেদের দোষ স্বীকার করে নেওয়ার পরই দণ্ড পেয়েছে।
এই তদন্তে আরো উঠে আসে যে, ২০১৭ সালের শেষের দিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচেও ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন জামসেদ। সেবার এক ম্যাচে দুটি ডট বল দেওয়ার পরিকল্পনা ছিল জামসেদের। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা থেকে সরে আসেন তারা।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুই টেস্ট, ৪৮ টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ওপেনার। গেল বছর ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে তাকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
