বাংলাদেশে আসবেন সাইক্লিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন জ্যাক ক্যাথে

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৮

স্পোর্টস রিপোর্টার

আগামী ২৭-২৯ ফেব্রুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাইক্লিং। ৪০টি এশিয়ার দেশ, ৩০টি ইউরোপীয়ান দেশ, দুই আফ্রিকার দেশকে আমন্ত্রণ জানানো হলে এখন পর্যন্ত ২৫টি দেশ সম্মতি পাঠিয়েছে বলে জানিয়েছেন সাইক্লিং ফেডারেশনের সভাপতি শফিউল্লাহ আল মুনির। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সাইক্লিং উপলক্ষ্যে শুভেচ্ছাদূত হয়ে বাংলাদেশে আসবেন সাইক্লিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন জ্যাক ক্যাথে। ইংল্যান্ডের এই তারকা সাইক্লিস্ট বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন, ৮ বার চ্যাম্পিয়ন হয়েছেন। ১০ বার অল ইউরোপীয়ান চ্যাম্পিয়ন জ্যাকক্যাথে বাংলাদেশের সাইক্লিস্টদের উত্সাহ যোগাবেন। সম্মতিও পেয়েছি, আমরা তাকে ১০ হাজার ইউরো পাঠিয়েছি।’ তিনি বলেন, ‘শুভেচ্ছাদূত হয়ে আসবেন ভারতীয় চলচ্চিত্র নায়িকা ঊর্বশী রাওতেলা।’ আজ টুর্নামেন্টে লোগো উন্মোচন অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা রয়েছে। মুনির জানিয়েছেন ওয়ার্ল্ড ফেডারেশন হতে ২৫টি সাইকেল পাওয়া যাবে, যার মূল্য ছয় কোটি টাকা।