বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে স্টুডিও জয়া’র ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে এ সময়ের শিল্পী সাইফ শুভর নতুন গান ‘আমি ভালো নেই’। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গানটি প্রকাশ করা হয়। এই গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রতিশ্রুতিশীল সংগীত পরিচালক রাজন সাহা।
স্টুডিও জয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটির পাশাপাশি মিউজিক ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে চ্যানেলটিতে। জয়া’র নিজস্ব রেকর্ডিং স্টুডিওতে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা অনিক খান। পুরো ভিডিওতে সাইফ শুভর আবেগী আবেদন, ভালোবাসা ও মন খারাপের বহিঃপ্রকাশ দর্শকদের মুগ্ধ করবে।
নতুন গান এবং ভিডিও নিয়ে সাইফ শুভ বলেন, ‘একটি ভালো সৃষ্টি একজন শিল্পীকে অমরত্ব দেয়। আসলে ভালো কিছু সৃষ্টির জন্য সময় এবং শ্রমের ব্যবহার অপরিহার্য। সময় নিয়ে এবং শ্রম দিয়ে কাজ করলে ভালো কিছু সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস। অনেকদিন সময় নিয়ে আমার প্রিয় ভক্ত-শ্রোতাদের নতুন গান উপহার দিলাম। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, আশাকরি গানটি সকলের ভালো লাগবে এবং শ্রোতা প্রিয়তা পাবে। বাংলা গানের জয় হোক।’
আরো পড়ুন: বইমেলায় রশিদ হারুনের দুই কাব্যগ্রন্থ
গানটি সম্পর্কে সংগীত পরিচালক রাজান সাহা বলেন, ‘শুভ মূলত গান প্রিয় ছেলে, গান ছড়া ও বাঁচেনা। ২০১৩ সালে আমার কথা ও সুরে শুভ প্রথম গান গেয়েছিলো। সেই ধারাবাহিকতায় আমার লেখা সুর এবং কম্পোজিশনে ২০২০ এর ভালোবাসা দিবসের প্রথম গানটিই ওর জন্য করলাম। গানটি মূলত স্যাড রোমান্টিক ধাঁচের গান, অনেকেই বলতে পারেন ভালোবাসা দিবসে স্যাড গান কেন? আমি বলবো গান আমাদের সুখের স্মৃতি যেমন বহন করে, তেমনি আমাদেরকে বেদনার রঙে রাঙিয়েও যায়। ভালোবাসা শুধু সুখ সম্বলিত হয়না। ভালোবাসায় বেদনার সমাহারও হয়। বানী প্রধান এই গানটি গতানুগতিক গান থেকে কিছুটা ব্যতিক্রমভাবে করার চেষ্টা করেছি। শুভ খুব ভালো গেয়েছে। আশা করি সকলের ভালো লাগবে।’
উল্লেখ্য, ২০১৭ সালে শুভর কণ্ঠে সর্বশেষ শেষ ‘হৃদয়ের ভাষা’ শিরোনামের সাতটি গান সম্বলিত একক এলবাম প্রকাশ পায় লেজার ভিশনের ব্যানার থেকে।
ইত্তেফাক/এএএম
