সিলেটে লতিফা-শফি মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৯

দক্ষিণ সুরমা (সিলেট) সংবাদদাতা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদার বলেছেন, শিক্ষা অর্জনের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের জ্ঞান বিকশিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। নারী-পুরুষ সবার সামগ্রিক অংশগ্রহণ আর সম্মিলিত প্রয়াসে এদেশের মানুষ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে ।

শনিবার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও পিঠা উত্সবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ আহমদ মজুমদার একথা বলেন। কলেজ গভর্নিং বডির সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা সাবেক এমপি শফি আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও কলেজের সহকারী অধ্যাপক শারমিন সুলতানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, কলেজের কো-ফাউন্ডার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেগম লতিফা চৌধুরী এবং শিল্পপতি সুমনা চৌধুরী ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মিজানুল কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসকাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক, কলেজ পরিচালনা কমিটির সদস্য সুফিয়ানুল করিম চৌধুরী ও সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খান উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরে হাফিজ আহমদ মজুমদার এবং সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অতিথিবৃন্দ কলেজ ছাত্রীদের উদ্যোগে আয়োজিত পিঠা উত্সবে যোগ দেন এবং বিভিন্ন পিঠার স্টল পরিদর্শন করেন।