শফিকুর রহমান
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার অন্যতম প্রাচীন বিদ্যাপিঠ কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম শফিকুর রহমান (৭২) শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি টানা ৯ বারের ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকায় এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগীসহ ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের আস্থাভাজন প্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুতে নিক্সন চৌধুরী শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকরা শোক প্রকাশ করেছেন। কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুল ইসলাম জানান, গত মঙ্গলবার ঢাকা ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। তিনি চিকিত্সাধীন অবস্থায় মারা যান। স্ত্রীসহ পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শনিবার বাদ জোহর কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
