চার বছরেও কে ওয়াই স্টিল মিলস নিয়ে দুদকের তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

চার বছর আগে দুর্নীতি দমন কমিশন তদন্ত শেষ করলেও কে ওয়াই স্টিল মিলস লিমিটেডের নিম্নমানের টিন সরবরাহের তদন্ত প্রতিবেদন আজও আলোর মুখ দেখেনি। প্রাথমিক তদন্তে ২০১৬ পর্যন্ত বিগত চার অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের কে ওয়াই স্টিল মিলস লিমিটেডের সরবরাহকৃত ঢেউটিন নিম্নমানের ছিল বলে প্রমাণ মেলে। তবে অজ্ঞাত কারণে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

জানা গেছে, কে ওয়াই স্টিল মিলস লিমিটেডের ২০১৬ পর্যন্ত বিগত চার অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরকে ক্রয়কৃত ঢেউটিন সরবরাহ করে। কিন্তু সরকারের চাহিদা মোতাবেক টিন সরবরাহ না করে নিম্নমানের টিন সরবরাহ করে কোটি কোটি টাকা নিয়ে নেয় বলে অভিযোগ করা হয়। এই অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফজলুর রহমানের নেতৃত্বে একটি টিম ২০১৭ সালে তদন্তে মাঠে নেমে তদন্তের সত্যতা পায়। পরে গত ২০১৯-এর শুরুতে বিষয়টি অধিকতর তদন্তের জন্যে নতুন কমিটি মাঠে নামে। এই কমিটির রিপোর্টে দেখা যায়, নেত্রকোনায় গিয়ে কে ওয়াই-এর সরবরাহকৃত নিম্নমানের টিনের সন্ধান পায় এবং কয়েকটি ঘর থেকে সেই টিন খুলে এনে বিএসটিআইতে পরীক্ষা করলে নিম্নমানের টিনের সত্যতা পাওয়া যায়। এদিকে কে ওয়াই স্টিল মিলের এমডি ইয়াছিন রহমান টিটু চট্টগ্রাম জেলে আটক আছেন।