স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে জনতার চাহিদা অনুযায়ী কাজ করে যাচ্ছে। তিনি বলেছেন, ঢাকা হলো সারা বাংলাদেশের প্রতিচ্ছবি। ঢাকা শহর নিয়ন্ত্রণ করতে পারলেই সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করা যায়। তাই ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন ইউনিট ডেভেলপ করা হয়েছে। গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পর যে পুলিশের আহ্বান করেছিলেন, ধীরে ধীরে সেই পুলিশে রূপান্তরিত হচ্ছে। আজকে পুলিশ-জনতার পুলিশ হয়েছে। পুলিশের সব ইউনিট সুন্দরভাবে কাজ করছে বলে আমাদের যে ধরনের পুলিশ প্রত্যাশা ছিল, সে ধরনের সক্ষমতায় পুলিশ গিয়েছে।
জনগণের নিরাপত্তার প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজও জনগণের জানমালের নিরাপত্তায় ডিএমপি পুলিশ সাফল্যজনকভাবে কাজ করে যাচ্ছে। এই ইউনিটের অতীতে লোকবল কম থাকলেও বর্তমানে এর পরিধি বাড়ানো হয়েছে। থানা করা হয়েছে ৫০টি। একই সঙ্গে থানায় যেন সব ধরনের মানুষ গিয়ে উপকার পায়, সে বিষয়ে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
কোনো পুলিশ সদস্যের দায়িত্ব অবহেলা বা অসদাচরণের অভিযোগ পেলে ব্যবস্থা নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে আমি ডিএমপি পুলিশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
খালেদা জিয়ার সুচিকিত্সা নিশ্চিত করা হয়েছে
এ দিকে গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে মানবাধিকার সুরক্ষা শীর্ষক এক অনুষ্ঠানশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রথম শ্রেণির বন্দি হিসেবে সুচিকিত্সায় মেডিক্যাল বোর্ড সার্বক্ষণিক নিশ্চিত করা হয়েছে। কারাগারে তাকে সর্বোচ্চ চিকিত্সা দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী। তার শরীরের কথা চিন্তা করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন রেখে চিকিত্সা করানো হচ্ছে। তার জন্য নির্দিষ্ট মেডিক্যাল বোর্ডও করা হয়েছে।
সীমান্ত হত্যা বেড়েছে
্এর আগে ‘মানবাধিকার সুরক্ষা এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে করণীয়’ শীর্ষক এক সেমিনারে ভারত সীমান্তে হত্যা আগের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আগে কম ছিল। গত কয়েকদিনে সীমান্ত হত্যা বেড়েছে। তিনি বলেন, ‘সীমান্ত হত্যা নিয়ে আমাদের দুদেশের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আমি কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম। সে দেশের হোম মিনিস্টারের সঙ্গে আমরা দীর্ঘ আলাপ করেছি। সীমান্ত হত্যা নিয়ে আমরা সব সময় বলে এসেছি, যাতে বন্ধ করা হয়’।
